ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৫ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ইঞ্জেকশন গ্রহণের সিরিঞ্জ ১৮টি, পেথেডিন ইঞ্জেকশন গ্রহনের সিরিঞ্জের সুই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার ৮টি, ইয়াবা সেবনে ব্যবহৃত গ্যাস লাইটার ২টি, ইয়াবা সেবনে ব্যবহৃত বোতলের কর্ক ২টি, ৪ হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইলফোন, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ১টি পুরোনো বই, ১টি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১টি গাঁজা সেবনের কলকি, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া এ সময় একজন ভিক্টিমকেও উদ্ধার করা হয়।