বাগেরহাট: সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ওই গ্রামের একটি অব্যবহৃত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অন্তত সাত দিন আগে মরদেহটি ওই পুকুরে ফেলা হয়ে থাকতে পারে।
উদ্ধার করা ওই নারীর পরনে পায়জামা ও হলুদাভ রঙের মেক্সি ছিল। তার পরিচয় শনাক্তের জন্য দেশের সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন এবং নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।