Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনীতি সুস্থ সংস্কৃতির জায়গা, এখানে মাস্তানদের স্থান নেই: ডা. শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৫:৪৪

ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি হলো একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান থাকতে পারে না।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রীয় কার্যালয়ের অনুমতি নিতে হবে। তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে, অথচ এর বিনিময়ে তারা এখন পর্যন্ত জাতির কাছে কোনো ধরনের দুঃখ প্রকাশও করেনি। বরং তারা এখনো বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। দেশের সাধারণ মানুষের কাছে সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মতবিনিময় সভায় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা জেলার বিভিন্ন উন্নয়নমূলক সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিভিন্ন প্রশ্ন ও মতামত পেশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং বাগেরহাট থেকে নির্বাচিত তিন সংসদ সদস্য (এমপি) উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর