Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৫:৩৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ৩৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে গেলে সাতজন নিহত হন। একই সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আরও আটজন নিহত হন। পৃথক দুটি দুর্ঘটনায় মোট ১৫ জনের প্রাণহানি অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।

বিজ্ঞাপন

তিনি বলেন, সড়কে প্রতিনিয়ত এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রতি বছর এসব দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।

জামায়াতের এই নেতা বলেন, নিহতদের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, দুটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর