Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বন্যার আগাম তথ্য যাবে ভয়েস এসএমএসে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৩ ২০:২০

ঢাকা: বন্যার আগাম তথ্য এখন ভয়েস এসএমএস’র মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, বন্যার ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বাড়ানোর লক্ষ্যে সরকার অবকাঠামো টেকসই ও জনগণের সক্ষমতা বৃদ্ধির কাজ করছে।

বুধবার (৫ এপ্রিল) ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত ‘স্থানীয় পর্যায়ে বন্যার সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বার্ষিক অগ্রগতি অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বন্যাপ্রবণ উত্তরাঞ্চলের ৩টি জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরের ১৯টি উপজেলায় বিশেষ কার্যক্রম ও প্রকল্প গ্রহণ করেছে। বন্যা মৌসুমে এ সব ইউনিয়নে ভয়েস এসএমএস’র মাধ্যমে দ্রুত বন্যার আগাম সতর্ক বার্তা দেওয়া হবে। যাতে বন্যা উপদ্রুত এলাকাবাসী তার মোবাইল ফোনে এই তথ্য পেতে পারেন। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে জনগণ এবং সরকারি-বেসরকারি সংস্থা দুর্যোগ পূর্বপ্রস্তুতি আরও ভালোভাবে নিতে পারবে। এতে বন্যায় জানমালের ক্ষয়ক্ষতি কমে আসবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে দুর্যোগ সহনীয় টেকসই নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাঠামোগত ও অকাঠামোগত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর নির্দেশনায় ঘূর্ণিঝড় ও বন্যা হতে মানুষের জানমাল রক্ষার্থে মাটির কিল্লা নির্মাণ করা হয়, যা সর্ব সাধারণের কাছে মুজিব কিল্লা নামে পরিচিত । তারই আধুনিক রূপে উপকূলীয় ও বন্যা উপদ্রুত ১৪৮টি উপজেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন কার্যক্রম চলমান। উপকূলীয় দুর্গত জনগণ যেমন সেখানে আশ্রয় নিতে পারবে তেমনি তাদের প্রাণিসম্পদকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারবে।’

এর আগে, প্রতিমন্ত্রী বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য অনলাইন পোর্টাল উদ্বোধন করেন। এর মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর তথ্য খুব সহজেই হালনাগাদ করা যাবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি, সম্মানীয় অতিথি এলজিইডি’র প্রধান প্রকৌশলী সেখ মো. মহসিন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. আমিরুল হক ভুঁইয়া। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, আবহাওয়া অধিদফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

পাবনায় বাসচাপায় বৃদ্ধ নিহত
১২ জুলাই ২০২৬ ২০:২০

আরো