Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ২০:২৪

ঝড়। ফাইল ছবি

ঢাকা: দেশের ২০টি জেলার ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১২ জুলাই) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কায় থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। আবহাওয়া অফিস এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।

এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির প্রবণতা থাকলেও উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে থাকায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলের পরিস্থিতির উন্নতি হতে পারে।

বিজ্ঞাপন

তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। একই আশঙ্কা রয়েছে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলেও। বর্তমানে তিনটি নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর