ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার (১২ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই দুই জেলার সুরমা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে রংপুর অঞ্চলের কয়েকটি জেলায় এবং সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি বেড়ে শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহের নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বিভাগসহ ভারতের ত্রিপুরায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরি, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্ট, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমতে শুরু করায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। বর্তমানে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই বলেও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।