চট্টগ্রাম: জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এখন বন্যার পানিতে বিচ্ছিন্ন জনপদ। চারদিকে থৈ থৈ পানি, চলাচলের উপায় নেই- এমন পরিস্থিতিতে এক ব্যক্তির মরদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে নিজ বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাফন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) ভেলা ভাসিয়ে মরদেহ নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত শুক্রবার বিকেলের। আর মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান (৬০)।
পারিবারিক সূত্র জানায়, তিনি পেশায় অটোরিকশা চালক। অসুস্থতাজনিত কারণে গত শুক্রবার বিকেলে মৃত্যুবরণ করেন। বন্যার পানিতে ফোরকানের বাড়ি এলাকা ও পারিবারিক কবরস্থানসহ সব জায়গা ডুবে ছিল। ফল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি। বাড়ি থেকে আনুমানিক তিন কিলোমিটার দূরে ফকির মুড়া এলাকায় ওই দিন রাতেই তাকে দাফন করা হয়।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, ‘ফোরকানের মৃত্যুর পর আশপাশে দাফনের মতো কোনো উঁচু বা শুকনো স্থান ছিল না। বাধ্য হয়ে স্থানীয়রা কলাগাছের ভেলা তৈরি করে অনেক দূরের একটি কবরস্থানে মরদেহ নিয়ে গিয়ে দাফন করেন।’
সাতকানিয়া উপজেলার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তি স্ট্রোক করেন। পরে বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বন্যা কবলিত এলাকাটি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সরকারি খাস জায়গায় মরদেহটি দাফন করা হয়।’
ইউএনও বলেন, ‘মরদেহটি এভাবে ভেলায় ভাসিয়ে নেওয়ার প্রয়োজন ছিল না। আমাদের অনেক স্বেচ্ছাসেবক দল প্রস্তুত ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে আমরা দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতাম।’