রংপুর: ছাত্রদলের অতীতের সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারার অভিযোগ এনে তাদের সহিংসতা ত্যাগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। সাম্প্রতিক ক্যাম্পাস অস্থিতিশীলতার জন্য সরকারদলীয় ছাত্র সংগঠনকেই দায়ী করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ধৈর্যের সীমা অতিক্রান্ত হলে শিক্ষার্থীদের নিয়েই জবাব দেওয়া হবে।
সোমবার (১০ আগস্ট) রাতে রংপুর নগরীর ডিসি মোড় এলাকায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতার জন্য সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রদলকেই দায়ী করে সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘বাংলাদেশে বেশ কয়েক দিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা দেখেছি। বিশেষ করে এই অস্থিতিশীলতা সৃষ্টির ক্ষেত্রে সরকারদলীয় যে ছাত্র সংগঠন আছে, তাদের ভূমিকা অগ্রগণ্য বলে আমরা মনে করছি’।
তিনি অভিযোগ করে বলেন, ‘রংপুরে তাদের নেতৃত্বে মূলত আমাদের জুলাই প্রদর্শনীতে হামলা করা হয়েছে। পরবর্তীতে সময়ে একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে রক্তাক্ত করা হয়েছে। সেখানে ছাত্র ফেডারেশন, ছাত্রশক্তি, ইনকিলাব মঞ্চসহ অসংখ্য শিক্ষার্থীকে আহত করা হয়েছে’।
ঢাকা আলিয়া মাদরাসার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঢাকা আলিয়া মাদরাসায়ও আমরা দেখেছি সেখানে আক্রমণ করা হয়েছে। সেখানে যুবদলের সন্ত্রাসী নয়ন পর্যন্ত এই হামলার সঙ্গে জড়িত ছিল। দুঃখজনক হলো, ঢাকা কলেজে যে প্রোগ্রামটি ছিল, সেটা ছিল জুলাইয়ের শহিদদের জন্য দোয়া এবং আহতদের সংবর্ধনা অনুষ্ঠান। সেই সংবর্ধনা অনুষ্ঠানেও হামলা করা হয়েছে।’
সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘আমাদের যতটুকু মনে হয়েছে, ছাত্রদল অতীতে যে সহিংস রাজনীতি ছিল, সেটা থেকে বের হয়ে আসতে পারছে না। আমরা তাদের আহ্বান জানিয়েছি, তারা যেন এই সহিংসতা থেকে বের হয়ে আসে’।
সিবগাতুল্লাহ সিবগা সকল ঘটনাকে ‘একপাক্ষিক হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছেন। সবকিছু বিচার বিবেচনা করে এখন পর্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দেওয়া হয়েছে। তবে কেউ যদি ক্যাম্পাসে অস্থির পরিবেশ তৈরি করতে আসে, আমরা শিক্ষার্থীদেরকে নিয়েই তার জবাব দেবো’।
শিবির সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখন পরিবর্তন হয়ে গেছে। আমাদের প্রজন্ম এ ধরনের সহিংসতা পছন্দ করছে না। সবকিছু বিচার-বিবেচনা করে আমরা দেখেছি, সহিংসতার পথ বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না’। তিনি আরও বলেন, ‘প্রজন্মের ছাত্ররা সহিংসতা চায় না এবং সহিংসতার রাজনীতি বাংলাদেশের জন্য কল্যাণকর নয়।’
মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী ও কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইবরাহীমসহ মহানগর কমিটির নেতারা।