ঢাকা: আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগাতে হবে।’ একই সঙ্গে বাড়ি ফিরে অভিভাবকদেরও গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন দেওয়ার পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে যুক্ত করতে হবে।’
তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।’
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন আমিনুল হক। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।