ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, ‘বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।’
গোলাম পরওয়ার বলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম প্রধান শর্ত। তাই নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।’
তিনি বলেন, ‘এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বর্তমান প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে প্রার্থীরা নিজ যোগ্যতায় শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে।’
বর্তমান ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করে সেটিকে আরও কার্যকর করার পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অতীতের অনিয়ম ও দুর্নীতির সুযোগ আবারও তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গোলাম পরওয়ার শিক্ষক নিয়োগের এ উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়ে এনটিআরসিএর নিয়োগব্যবস্থা আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করার দাবি জানান। প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো স্বাধীন ও নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার প্রস্তাব দেন তিনি।