কুড়িগ্রাম: জেলার রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল মিয়া (২৬) নামে এক জেল মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে। এ ছাড়া আহতরা হলেন- মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২),আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি হরিদশ্বর তালুক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান। এ সময় বৈদ্যুতিক সংযোগের একটি খুঁটি ভেঙে পানিতে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাপসাতালে নিলে রুবেল মিয়ার মৃত্যু হয়।
রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’