ঢাকা: কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি উজ্জ্বল মিয়া (৩২) নামের এক আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওই বন্দিকে কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
কারাসূত্রে জানা গেছে, বন্দি উজ্জ্বল মিয়ার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের বাগর কাপুড়িয়া গ্রামে। তার বাবার নাম শামসুল হক।