Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১১:৩৭

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৯ আগস্ট) সকাল সোয়া ৯টায় তাকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মহেশখালী পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মাদকসা) চলমান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করবেন। মহেশখালীর কর্মসূচি শেষে তিনি সাম্প্রতিক বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শনে যাবেন এবং সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর প্রদান কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

দুপুর ২টায় ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদরাসায় উপস্থিত হয়ে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এরপর বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর বিখ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। কবর জিয়ারত শেষে পৌনে ৪টায় হাটহাজারী ডাকবাংলোয় সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবেন তিনি।

বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সড়কপথে চট্টগ্রাম শহরে ফিরে সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর ‘রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’ হোটেল মিলনায়তনে একটি বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান হিসেবে এর আগেও প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে সফর করলেও মহেশখালী, ফটিকছড়ি এবং হাটহাজারীতে এটি তার প্রথম সরকারি সফর।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর