Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সফর স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৯:১৬ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ ২২:১৩

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার: সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিতে দুইদিনের সরকারি সফরে শুক্রবার (১৭ জুলাই) কক্সবাজারে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জেলার চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা সরাসরি পরিদর্শন করার উদ্দেশে এ সফর করছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি সড়কপথে চকরিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন

সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর পর্যন্ত তিনি চকরিয়ার বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দেন। দুপুর ১টায় জুমার নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় তিনি পুনরায় চকরিয়ার অন্যান্য বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৯টায় তিনি পেকুয়ায় নিজ বাসভবনে পৌঁছাবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।

পরদিন শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর বেলা ১২টায় তিনি মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকায় ছুটে যাবেন এবং সেখানে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন।

দুপুর ২টায় তিনি কক্সবাজার সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেবেন। সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৮টা ৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন। এই সরকারি সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার সহকারী একান্ত সচিব কামরুল হাসান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর