Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৬:৫০ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৮:১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান x সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান।

মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান।

তিনি জানান, সৌদি ক্রাউন প্রিন্স ইতোমধ্যেই আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করেছেন।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এখন প্রতিষ্ঠিত, সেই সরকারের ওপর সৌদি সরকার সম্পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। অত্যন্ত সফল এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এ ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা রয়েছে, তা কাজে লাগিয়ে সৌদি সরকার বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর