Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মা-ছেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১১:৫৮

যশোর: যশোরের বাঘারপাড়ায় নিজ বসতঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন জুবায়দা খাতুন (৩২) ও তার ছেলে জিসান (৬)।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, ঘরের ভেতর একই খাটে মা ও ছেলের মরদেহ পড়ে ছিল। শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, জুবায়দা খাতুনের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং ওড়নার দুই প্রান্ত তার নিজের হাতে ধরা ছিল।

পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

নিহত জুবায়দার ছোট বোন পিনজিরা খাতুন জানান, তার বোনজামাই জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় এক বছর আগে দেশে ফেরেন। জাকিরের সঙ্গে তার ভাই শিহাবের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বলেন, মা ও ছেলের মরদেহের অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর