Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালানোর চেষ্টা, বড় সাজ্জাদের ‘সহযোগী’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১২:৩৬

চট্টগ্রাম: বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘সহযোগী’ গোলাম সারোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। গোলাম সারোয়ার চট্টগ্রামের সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এই গ্রেফতারের বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে গোলাম সারোয়ার খানকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক দাবি করেন। এই পরিচয় ব্যবহার করে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করাসহ বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

বড় সাজ্জাদ চট্টগ্রামের অপরাধজগতের আলোচিত নাম। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখান থেকে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেশে থাকা সহযোগীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য বলছে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের ফোন করে হুমকি, চাঁদাবাজি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছোড়া এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর