Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি

‎ ‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৩:২৫ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৪:৪৭

কর্নেল (অব.) অলি আহমেদ।

ঢাকা: ‎রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ১১ দলীয় জোট।

‎রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শীর্ষ নেতাদের বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য জানান।

‎এর আগে, বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত এক বৈঠকে জোটের শীর্ষ নেতারা বৈঠক করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, কর্নেল (অব.) অলি আহমেদ, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ অন্যান্য নেতারা অংশ নেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণের পাশাপাশি পারস্পরিক রাজনৈতিক সমঝোতা ও পরবর্তী করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

‎চট্টগ্রামে জন্মগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন, যার অবস্থান ছিল চট্টগ্রামের ষোলশহরে। ২৫ মার্চ মধ্যরাতে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং পরবর্তীতে ভারতে সংগঠিত হয়ে নিয়মিত মুক্তিবাহিনীর ‘জেড ফোর্স’-এর অধীনে বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্নেল পদে পদোন্নতি পেয়ে অবসর গ্রহণ করেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। জিয়াউর রহমান বিএনপি গঠন করলে চাকরির মেয়াদ আরও ৯ বছর বাকি থাকা সত্ত্বেও তিনি সেনাবাহিনী ছেড়ে দলটিতে যোগ দেন। পরবর্তীতে এরশাদবিরোধী স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান এবং তার মেয়াদের সময়ই যমুনা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার পর ২০০৬ সালের ২৬ অক্টোবর তিনি সাবেক রাষ্ট্রপতি এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরীর সাথে যৌথভাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন, যদিও পরবর্তীতে তাঁদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়।

‎বর্তমানে তিনি এলডিপির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং তার দল ২০২৬ সালের জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাথে নির্বাচনে অংশ নেয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর