Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৪:৪৩

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি এবং তিনি কথাগুলো অন্তর দিয়ে বলেন। এটা আমি দেখেছি। তিনি জনগণের ব্যক্তিত্ব, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হচ্ছে, যখন এই দুই নেতা আলোচনা করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ভিতরের শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যা চিহ্নিত হয় যখন আমরা আলোচনা করি। আমার বিশ্বাস, মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ  সোমবার (১০ আগস্ট)।

ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১২ জুন ঢাকায় পৌঁছান বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।