Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৪:০৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ঢাকা: দেশের প্রতিটি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যে গাছ লাগাবে, সেগুলোর হিসাব রাখা হবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আরও গাছ সরবরাহ করা হবে।’

রোববার (৯ আগস্ট) সকালে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আমিনুল হক বলেন, ‘তোমরা প্রত্যেকে বাসার সামনে, স্কুল-কলেজে কিংবা রাস্তার পাশে একটি করে গাছ লাগাবে। তোমরা যে গাছ লাগাবে, সেই হিসাবও রাখা হবে। প্রতিটি স্কুল ও কলেজের গাছের তালিকা থাকবে।’

বিজ্ঞাপন

বৃক্ষরোপণের জন্য বর্তমান সময়কে উপযুক্ত উল্লেখ করে তিনি বলেন, ‘এখন গাছ লাগালে বর্ষার পানি ও অনুকূল আবহাওয়ায় গাছ দ্রুত বেড়ে উঠবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এখনই বৃক্ষরোপণ কর্মসূচিতে যুক্ত হতে হবে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোকে আরও সবুজ করে তোলা।’

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনি অঙ্গীকারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। দেশ ও শহরকে আরও সবুজ করতে হলে সবাইকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে।’

একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘ভবিষ্যতে একটি গাছ মানুষকে ফল, ছায়া ও ঔষধিসহ নানা উপকার দিতে পারে। তাই প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ লাগানোর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ লাগালে সম্মিলিতভাবে বড় ধরনের সবুজায়ন সম্ভব হবে।’

আরাফাতের ময়দানের নিমগাছের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে মানুষের উপকার করে আসা এসব গাছের মতো ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বৃক্ষরোপণ করে যেতে হবে। মানুষের উপকারে আসে— এমন একটি গাছ লাগানোও বড় একটি ভালো কাজ।’

তিনি বলেন, ‘দেশের বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে শত শত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।’ এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর