Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৩:৩৬

সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক।

রোববার (৯ আগস্ট) সকালে দিকে দুর্ঘটনাটি ঘটলেও সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও অর্ধেক অংশ ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

জাউয়া বাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে দেখি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এটি খালি ছিল বলেই আটকে আছে, বোঝাই থাকলে সোজাসুজি নদীতে পড়ে যেত।

বিজ্ঞাপন

জয়কলস হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।

সারাবাংলা/এএ