কুষ্টিয়া: জেলার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের দায়ে একরাম মোল্লা (৭৪) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকালে একরাম মোল্লার বাড়িতে আশ্রয় নেওয়া ১৪ বছর বয়সি ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি কিশোরী তার মায়ের কাছে জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর ভেড়ামারা থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর সংশোধনী-২০০৩-এর ৯(১) ধারায় একরাম মোল্লার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আলহাজ মো. আব্দুল মজিদ বলেন, ‘মামলার সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।’