ঢাকা: রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (RFED) সাবেক সভাপতি ও সদস্য সাইদুর রহমান নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সংগঠনটি।
মঙ্গলবার ১৮ আগস্ট আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। RFED-এর সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সাইদুর রহমানকে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে কাজী এমাদ উদ্দীন জেবেল বলেন, সাইদুর রহমান RFED-এর একজন অত্যন্ত সক্রিয় সদস্য ও সাবেক সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার হিসেবে তার এই পদায়ন দেশীয় গণমাধ্যম ও সাংবাদিকতার জন্য এক ইতিবাচক অর্জন। তিনি নতুন কর্মস্থলে সাইদুর রহমানের সার্বিক সাফল্য কামনা করেন।
সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা এই নিয়োগকে সংগঠনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবেন।
সম্মাননা গ্রহণের পর সাইদুর রহমান RFED-এর সকল নেতাকর্মী ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সাথে দীর্ঘদিনের পথচলার স্মৃতি স্মরণ করে তিনি ভবিষ্যতেও এর সাথে যুক্ত থাকার ইচ্ছা ব্যক্ত করেন। পাশাপাশি প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালনের সময় RFED সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্কলারশিপ অর্জনসহ নানাবিধ সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের অপরাপর নেতৃবৃন্দ ও সদস্যরা তার কর্মময় জীবনের সমৃদ্ধি এবং দেশের কল্যাণে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নয়া দিল্লিতে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পাওয়ায় সাইদুর রহমানকে সম্মাননা
সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২২:০৩
১৮ আগস্ট ২০২৬ ২২:০৩
সারাবাংলা/এনএল/এসআর