ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গনধোলাইয়ে অজ্ঞাত (৩০) বছরের এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পাবলিক টয়লেটের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৬টার দিকে মৃত্যু হয় তার।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সবুজ হাওলাদার ও ইসরাফিল জানান, যাত্রাবাড়ি চৌরাস্তা পাবলিক টয়লেটের পাশে আহত অবস্থায় ওই যুবককে পরে থাকতে দেখি। এরপর তাকে একটি রিকশায় করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তারা আরও জানান, স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, চৌরাস্তায় এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে ধরে গণধোলাই দেয়৷
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, গণধোলাইয়ের সংবাদ পেয়ে হাসপাতালে এসে ওই যুবকের মরদেহ দেখতে পাই। তার শরীরে একাধিক একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে দেখে ভবঘুরে ও মাদকাসক্ত মনে হচ্ছে। পরিচয় সনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।
এসআই আরও জানান, হাসপাতাল ক্যাম্প থেকে পথচারী ইসরাফিল (২৫) ও আরেক পথচারী ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।