ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবির বিশেষ অভিযানে ৪টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, নগদ ১২ লাখ টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
গত ৯ আগস্ট (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার ক্রাউন প্লাজার সামনে (এয়ারপোর্ট রোড) ৩টি মোটরসাইকেলে ৬-৭ জন দুর্বৃত্ত গতিরোধ করে ধারালো অস্ত্র ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট করে নিয়ে যায়। এখানে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল বলে জানায় পাম্পটির ম্যানেজার। ডিএল পেট্রোল পাম্পের মালিকানার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আকতার হক যুক্ত রয়েছেন।
পরবর্তীতে এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।