Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছিনতাইয়ের পর মুদি দোকানিকে হত্যা: এক আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৫:৪৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ ১৬:৩০

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় ছিনতাইয়ের পর মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে হত্যা মামলায় মাসুম মিয়া ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ইউনুস মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল কাশেম।

রায় ঘোষণার সময় দুই আসামিকেই আদালতে হাজির করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত মাসুম মিয়াকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, কামরাঙ্গীরচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোরে নোয়াখালীর সোনাইমুড়ীর নিজ গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় কুদ্দুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন সেদিনই বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে বংশাল থানার উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম ২০১৬ সালের ১০ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৭ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

 

সারাবাংলা/টিএম/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর