ঢাকা: ব্রিটিশ নাগরিকত্ব থাকা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘আমি বাংলাদেশি। এখানে আমার মনে হয় না এমন কেউ আছেন, যিনি আমার জাতীয়তাবাদ ও আমার অবস্থান নিয়ে প্রশ্ন তুলবেন। মানে এখানে এসে বাংলাদেশের জন্য কাজ করা কোনো সুবিধাবাদী লোক করবে না।’
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘আপনার নাগরিকত্বের বিষয়ে নেটিজেনরা গতকাল যে ঝড় তুলেছে। দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে কি না, একটি পত্রিকায় রিপোর্টও হয়েছে’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন (নাগরিক) নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন… আমি তো সিটিজেন নিয়ে আছি, আমরা কাজ করি।’
আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? মানে কার এত জ্বালা… যে কাজ শুরু করার আগেই… হ্যাঁ? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি?’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ যখন, দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত মিডিয়া আছে, দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে; এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।’
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম অফিস করেন হুমায়ুন কবির।