Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর এপিএসের নামে ভুয়া ফেসবুক আইডি: এক আসামির রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ২১:১৭

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমানের নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামে এক আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকন রানা ভুয়া ফেসবুক আইডি তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২, ডা. জোবাইদা রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমনের নাম ব্যবহার করে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য, এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতারণা, ব্ল্যাকমেইলিং এবং সম্মানহানির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত ডিজিটাল ডিভাইস এবং সিম কার্ড উদ্ধারসহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানি শেষে আদালত সাত দিনের পরিবর্তে কাকন রানা-এর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ চক্র প্রধানমন্ত্রীর এপিএস-২ আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে নানা ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলিং করা হতো।

এ ঘটনায় আবদুর রহমান সানি-এর পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে কাকন রানাকে গ্রেপ্তার করে পুলিশ।