নাটোর: জেলার লালপুরে সড়ক দুর্ঘটনায় শাহজাহান (৩৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্রিকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গাপুর গ্রামের সাজদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক শাহজাহান আলী লালপুর থেকে তার ব্যাটারিচালিত অটোগাড়িতে যাত্রী নিয়ে বাঘায় যাচ্ছিল। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি এলে যাত্রীসহ অটোগাড়িটি আট্রিকা এলাকার কালামের আম বাগানের কাছে রাস্তার পাশে দাঁড় করান। এরপর গাড়িতে পর্দা লাগাচ্ছিলেন চালক। এসময় বাঘা অভিমুখে একটি কুত্তাগাড়ি (স্যালো ইঞ্জিনচালিত) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজ (২৪)-কে আটক করে।
পরে খবর পেয়ে লালপুর থানার এসআই মনির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং কুত্তাগাড়ির (স্যালো ইঞ্জিনচালিত) চালক সবুজকে পুলিশ হেফাজতে নেয় ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কুত্তাগাড়িটিসহ চালককে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।