Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত এইচএসসি পরীক্ষার্থী: ক্রেনচালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৫:১২

গ্রেফতার হওয়া ক্রেনচালক।

চট্টগ্রাম: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম বিশ্বাস (৩১) নামের এক ক্রেনচালককে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শামীম বিশ্বাস ম্যাক্স কোম্পানির একটি ক্রেনের চালক।

পুলিশ জানায়, নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শনিবার (২২ আগস্ট) সকালে ভাড়া বাসা থেকে পাঠাওয়ের একটি মোটরসাইকেলে করে পরীক্ষা দিতে হাজী মুহাম্মদ মহসীন কলেজের উদ্দেশে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

সকাল পৌনে ৯টার দিকে ইপিজেড থানাধীন এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভী হাসপাতাল গেট ও দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়াল্টন শো-রুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেলচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান নাফিসা।

এ সময় পেছন থেকে একই লেনে আসা ম্যাক্স কোম্পানির ক্রেনটি দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। পরে ক্রেনচালক শামীম বিশ্বাস ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। পুলিশ জানায়, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) হেফাজ উদ্দিনের নেতৃত্বে এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর