প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কাজ করছে ঢাকা-দিল্লি। দুই দেশের সুবিধামত সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তাঁর অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের পর প্রথম নিজ দফতরে এলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নতুন এই দায়িত্বে চ্যালেঞ্জ তুলে ধরেন। বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।