ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনস্বার্থের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো কাজ করবে না। জনগণের স্বার্থ, মানবকল্যাণ, সামাজিক সুরক্ষা ও কাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে দলের নেতাকর্মীরা ভূমিকা রাখবেন।’
সোমবার (২৪ আগস্ট) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান আমাকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছেন। এখন আমার প্রধান কর্তব্য হবে দলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান সাংগঠনিক কর্মকাণ্ডগুলো সুসম্পন্ন, সুসংগঠিত ও সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করা হবে।’
তিনি বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং সরকার গঠন করেছে। জনগণের স্বার্থে ও মানবকল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি এবং সেগুলো বাস্তবায়নে নেওয়া পদক্ষেপগুলো সুচারুভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড জনগণকে জানাতে হবে এবং জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্পৃক্ত থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নেতাকর্মীরা জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ পাবে না। সরকারের প্রতিটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী জবাবদিহিতা নিশ্চিত করেছেন। তাই দলের নেতাকর্মীদেরও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’
রিজভী বলেন, ‘বিএনপি জনগণের কাছে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। এর অন্যতম কারণ দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় তারেক রহমানও এমন কিছু কর্মসূচি গ্রহণ করেছেন, যেগুলো জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন।’
দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, ‘সারাদেশে দুই-একজন নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে কেউ দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ৫ আগস্টের পর দলের চেয়ারম্যান কঠোর হাতে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তাই সবাইকে অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে গঠনমূলক কাজে যুক্ত থাকতে হবে।’
এ ছাড়াও তিনি বলেন, ‘দলকে আরও শক্তিশালী করতে হবে এবং নেতাকর্মীদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।’
এর আগে, দুপুর ১২টার দিকে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় জিয়া উদ্যানে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটে। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, আমিরুল ইসলাম খান আলীম, মাহবুবুর রহমান নান্নু, মুনীর হোসেন, রফিকুল আলম মজনু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আবদুল কাদির ভূইয়া জুয়েল, এস. এম. জাহাঙ্গীর, তানভীর আহমেদ রবিন, ফজলুর রহমান খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।