খুলনা: জেলায় ইসমাইল শেখকে (৩৫) হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপকমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে উপকমিশনার বলেন, গত ৩১ জুলাই রাতে খুলনা সদর থানাধীন মহির বাড়ি বড় খালপাড় ব্রিজের পশ্চিম পাশে মো. ইসমাইল শেখকে (৩৫) গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বিকেলে হত্যা মামলার আসামি মো. ফারদিন খানকে (২৪) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি মো. রায়হান মোল্লা (২৪) ও মো. সাইফুল হাওলাদারকে (২৪) গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ৩ রাউন্ড গুলি, ৩টি তাজা শর্টগানের কার্তুজ, বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড, B-COMPANY গ্রুপের সদস্যদের ব্যবহৃত ৫টি গেঞ্জি, ৩টি কপালে ব্যবহারের উপযোগী সার্চলাইট, ১টি কালো রঙের কলেজ ব্যাগ ও ১টি চামড়ার ছোট পার্স উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও কার্তুজের ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে হত্যা মামলায় গ্রেফতারদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ সংক্রান্ত আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, আসামি মো. ফারদিন খানের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র ও অন্যান্য মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। অপর আসামি মো. রায়হান মোল্লার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আসামি মো. সাইফুল হাওলাদারের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রয়েছে।