Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা উত্তরের মেয়র হবেন সেলিম উদ্দিন: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:৩০

ঢাকা: নির্বাচন নিরপেক্ষ, স্বচ্ছ ও অবাধ হলে এবং কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ না হলে আগামী দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সেলিম উদ্দিন হবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মোহাম্মদ সেলিম উদ্দিনের লেখা ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের মোড়ক উন্মোচন এবং ২৫ থেকে ৩১ আগস্ট সপ্তাহব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, জনগণ যদি স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে রায় দিতে পারে, তাহলে সেলিম উদ্দিনই ঢাকা উত্তরের মেয়র হবেন। দেশকে মানবিক ও বৈষম্যহীন করতে হলে রাজধানী ঢাকাকেও মানবিক ও বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। ঢাকা দেশের রাজধানীর পাশাপাশি রাজনীতিরও রাজধানী। এই নগরকে সুন্দর ও মানবিক করা গেলে দেশের অন্যান্য নগরও ঢাকা থেকে মডেল ও শিক্ষা নিতে পারবে। এর মাধ্যমে গোটা দেশকে একটি মানবিক ও আদর্শ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার পথ তৈরি হবে।

বিজ্ঞাপন

‘জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকার পুনর্গঠন’ বইয়ের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, কঠিন সংগ্রামের ইতিহাস বইয়ের পাতায় তুলে ধরা গুরুত্বপূর্ণ কাজ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় দেশের মানুষ কঠিন সংগ্রাম করেছে। এমন সর্বজনীন আন্দোলনে মানুষের ব্যাপকভাবে অংশ নেওয়ার ঘটনা বিরল।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের শুরুতে এটি কোন রাজনৈতিক দলের বা কার নেতৃত্বে- তা স্পষ্ট ছিল না। পরবর্তী সময়ে আন্দোলন উত্তাল রূপ নেয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় এসে অংশ নেন। আন্দোলনের সময় জামায়াতের নেতাকর্মীরা রাজপথে, কারাগারে ও রিমান্ডে থেকেও আন্দোলনে ভূমিকা রেখেছেন। তারা বিভিন্নভাবে ছাত্র-জনতাকে আন্দোলনে সম্পৃক্ত করতে কাজ করেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, তার বইটি জুলাই আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস নয়। ১৭ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের কিছু মৌলিক বিষয় বইটিতে তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতায় আরও বিস্তারিতভাবে বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নিজের মেয়র প্রার্থিতার প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, ২০১৭ সাল থেকেই তাকে ঢাকা মহানগরীতে জামায়াতের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তখন থেকেই তিনি ঢাকাকে নিয়ে স্টাডি শুরু করেন। নগরের দায়িত্ব পেলে ঢাকাকে বিশ্বের উন্নত নগরগুলোর আদলে, কিংবা আরও নতুনত্বের মাধ্যমে সমৃদ্ধ, স্মার্ট ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চান।

অনুষ্ঠানে ২৫ থেকে ৩১ আগস্ট সপ্তাহব্যাপী নগর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার বিষয়েও বিস্তারিত জানানো হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর