ঢাকা: এসএসসি ও সমমান এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনের পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। অর্জিত জ্ঞান, মেধা ও প্রতিভাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি পরীক্ষার ফলাফল কখনোই একজন মানুষের মেধা, যোগ্যতা ও ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা এবার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনে তারাও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনে পরীক্ষার ফলাফল একটি ধাপ মাত্র। তাই ফলাফল প্রত্যাশিত না হওয়া শিক্ষার্থীদের মনোবল না হারিয়ে ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। মহান আল্লাহ যেন তাদের জ্ঞান, প্রজ্ঞা ও মেধাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করেন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতা দান করেন।
একই সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি। তাদের পাশে দাঁড়াতে অভিভাবক, শিক্ষক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।