Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি সেলিম উদ্দিনের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৪:৩০ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫২

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সরকারকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ‘তুলিতে জুলাই’ আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘জুলাই ভূলণ্ঠিত হতে দেওয়া যাবে না। জুলাই ভূলণ্ঠিত হলে আমাদের দেশ ও জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন হবে।’ তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। তবে রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব এবং ক্ষমতাসীনদের ক্ষমতালিপ্সার কারণে সেই অর্জন হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। অন্যথায় ইতিহাস তাদের ক্ষমা করবে না।

জুলাই সনদ প্রসঙ্গে সেলিম উদ্দিন বলেন, সরকার জুলাই সনদকে উপেক্ষা করছে এবং সংবিধানের অপব্যাখ্যার মাধ্যমে সেটিকে পাশ কাটানোর চেষ্টা করছে। তার অভিযোগ, সরকার একদিকে সংবিধানের দোহাই দিচ্ছে, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশকে গ্রহণযোগ্য হিসেবে ব্যবহার করলেও জুলাই সনদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে। তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই শহিদ জাবির ইব্রাহিমের মা ও জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক রোকেয়া বেগম এমপি। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব কামরুল হাসান। এতে অধ্যক্ষ আশরাফুল হক, জামাল উদ্দিন, ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব ও ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর