ঢাকা: যারা জামায়াতকে ক্ষমা চাইতে বলে, তাদের নিজ দলের কৃতকর্মের জন্য অন্তত কয়েকবার ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে এসব ভোঁতা অস্ত্র ব্যবহার করে ঘায়েল করা যাবে না।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজধানীর উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ৪ দিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, সংসদে নতুন কিছু মুফতি আবিষ্কার হচ্ছে, তারা জামায়াতে ইসলামী, ইসলাম নয় বলে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের বক্তব্য দিয়ে, জামায়াতকে দুর্বল করা যাবে না। সংসদে অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে জাতির সঙ্গে মশকরা করা হচ্ছে।
সরকারকে উদ্দেশ করে সেলিম উদ্দিন বলেন, পলাতক শেখ হাসিনার সহযোগীদের কথায় চললে পরিণতি ভালো হবে না। হাসিনার পথে গেলে তার পরিণতিও ভালো হবে না। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি পুরাতন রাজনীতিকে বিদায় দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে যেতে চান। যেটা জামায়াত সংসদেও প্রশংসা করেছেন।
মাদক বিরোধী বক্তব্যে তিনি বলেন, দেশের অসাধু রাজনীতিকরা মাদকমুক্ত সমাজ চান না, কারণ মাদকমুক্ত হলে তারা কর্মী খুঁজে পাবেন না। উত্তরার পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মদের বার বন্ধ করতে হবে। তাহলেই উত্তরা নিরাপদ ও মাদকমুক্ত হবে।
তিনি জানান, এক মাসের মধ্যে ২৫টি ডিজিটাল অ্যাপ উদ্বোধন করা হবে, যার মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ খাদ্য, বিশুদ্ধ পানি ও বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তরুণদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, সমাজের নেতৃত্ব দেওয়ার কথা তরুণদের। কিন্তু বেকারত্ব, অপসংস্কৃতি ও বিলাসিতার প্রবণতার কারণে অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।
উত্তরা পশ্চিম অঞ্চলের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মহানগরী যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও যুব বিভাগের সভাপতি ও মহানগরী সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত।