Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৭ সদস্য বিশিষ্ট ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ২১:৫২

ঢাকা: দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ২৭ সদস্য বিশিষ্ট ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। গঠিত এ কমিটির সভাপতি হলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৯ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ক্রিয়েটিভ অর্থনীতি সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে কমিটি। একই সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রম সমন্বয় ও দিকনির্দেশনা দেওয়া, বিভিন্ন খাতভিত্তিক কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে কমিটির কাজ।

বিজ্ঞাপন

কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিবে।

কমিটির সদস্যরা হলেন-

কমিটিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সদস্য করা হয়েছে। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এবং তথ্য ও সম্প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটিতে রয়েছেন।

অর্থ, তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক, শিল্প, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, মহিলা ও শিশু বিষয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরাও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান, ব্র্যাক, এইচএসবিসি বাংলাদেশ, বেঙ্গল ফাউন্ডেশন এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিনিধিদের সদস্য করা হয়েছে। উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে সেক্টর স্পেশালিস্ট হিসেবে রাখা হয়েছে। আরও একজন সেক্টর স্পেশালিস্ট এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর