Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সিটি করপোরেশনকে জনসম্পৃক্ত করতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন’

সারাবাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬ ২২:০০

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম-এর নবনির্বাচিত কমিটির সঙ্গে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের মতবিনিময়। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ঢাকাবাসীদের ঢাকাকে নিজের মনে করতে হবে। নইলে এই শহরের প্রতি দরদ তৈরি হবে না। তিনি বলেন, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ঢাকাবাসীদের জন্য আরও বেশি কিছু করতে পারব বলে আশা করছি। আপনারা এ ব্যাপারে পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকব।

সোমবার (১০ আগস্ট) বিকেলে নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম-এর নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় বক্তৃতা করেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন, সহ-সভাপতি এ বি এম রফিকুর রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দফতর সম্পাদক আতিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক নূরুন্নবী রবি, সদস্য গ্যালমান শফি, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ‘ঢাকাভিত্তিক যেকোনো উদ্যোগে সিটি করপোরেশন আপনাদের পাশে থাকবে।’ প্রশাসক বলেন, ‘আমরা চাই সিটি করপোরেশন আরও জোরদার হোক। জনগণের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। ঢাকা সিটি করপোরেশনের জনগণের সঙ্গে যেভাবে সম্পৃক্ত থাকা দরকার ছিল সেভাবে নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। আপনাদের লেখনির মাধ্যমে নাগরিক সমস্যাগুলো যখন উঠে আসে, তখন আমাদের পক্ষে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সহজ হয়। তাই গণমাধ্যমকে আমরা উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার মনে করি।’

ডিএসসিসি প্রশাসক বলেন, “আপনারা জানেন ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে পথচলা শুরু করে আমাদের এই প্রিয় ঢাকা আজ ৪১৬ বছরে পদার্পণ করেছে। ঐতিহ্য ও গৌরবের এই দীর্ঘ পথপরিক্রমা উদযাপন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে। ৪১৬ বছরের পুরনো এই নগরীর বর্তমান নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো আপনাদের লেখনীতে বস্তুনিষ্ঠভাবে উঠে আসুক, সেটাই আমাদের প্রত্যাশা।”

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম-এর সভাপতি নূরুদ্দিন আহমেদ বলেন, “ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের উদ্যোগকে সাধুবাদ জানাই। ঢাকাভিত্তিক যেকোনো কার্যক্রমে আমাদের সংগঠন সিটি করপোরেশনের পাশে থাকবে।’

সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন বলেন, ‘ঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে আমরা আপনার সহযোগিতা কামনা করি। একই সঙ্গে, নগর ভবনের যেকোনো উন্নয়নমূলক বা জনকল্যাণমুখী কাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।’

একজন দক্ষ প্রশাসক হিসেবে আবদুস সালামের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাগরিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করেন বক্তরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর