গোল উদযাপন করতে গিয়ে যে এমন বিপদে পড়বেন, তা হয়তো কল্পনাই করেননি তিনি। জাসি মারানহাও তো উদযাপন করতে গিয়ে পড়ে গেলেন টানেলের ভেতরই! অদ্ভুতুড়ে এক কাণ্ড দেখল ব্রাজিলিয়ান ফুটবল।
কৌতো পেরেইরা স্টেডিয়ামে শাপেকোয়েন্সের মুখোমুখি হয়েছিল কোরিতিবা। জাসি মারানহাও বক্সের মধ্যে থেকে নিখুঁত হেডে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
গোল করেই মারানহাও উদযাপনের জন্য সমর্থকদের কাছে যেতে চেয়েছিলেন। বল জার্সিতে লুকিয়ে রেখে প্রথমে বিজ্ঞাপনী বোর্ডের দিকে দৌড় দেন। তারপর লাফ দিয়ে মাঠের ওপারে চলে যান।
এখানেই বাঁধে বড় বিপত্তি। লাফ দেওয়ার পর মাটিতে পড়েননি তিনি। যেখানে লাফ দিয়েছিলেন, সেখানে ছিল স্টেডিয়ামে ঢোকার টানেল! কয়েক সেকেন্ডের জন্য সেই টানেলেই ছিলেন মারানহাও, ক্যামেরা তাকে খুঁজে পাচ্ছিল না। নিজের চেষ্টায় টানেল থেকে বেরিয়ে এলেও তিনি ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন।
তবে যে গোল উদযাপনে এত কাণ্ড, শেষ পর্যন্ত সেই গোলটাই বাতিল করে দেন রেফারি! রিভিউয়ের সিদ্ধান্ত মারানহাওকে চরম হতাশ করেছে। তিনি অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়েছে। দুঃস্বপ্নের এক রাতই যেন কাটছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারের।
তবে শেষ পর্যন্ত হাসি ফুটেছে মারানহার মুখে। কোরিতিবা ২-১ গোলে ম্যাচটি জিতেছে।