Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণদের নিয়ে নতুন ব্রাজিল গড়ার ঘোষণা আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
২৯ জুলাই ২০২৬ ১৪:০০

২০২৬ ফিফা বিশ্বকাপটা কেটেছে চরম হতাশায়। এই আসরের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার নতুন মিশনে মাঠে নেমেছেন সেলেসাওদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ তিন সপ্তাহ কানাডায় ছুটি ও পরিবারকে সময় কাটিয়ে রিও ডি জেনিরোতে ফিরেছেন অভিজ্ঞ এই কোচ। এসেই ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে জাতীয় দল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। তিনি জানিয়েছে, তরুণদের নিয়েই এগিয়ে যেতে চান।

গ্লোবো স্পোর্ত জানিয়েছে, বিশ্বকাপের দুঃস্বপ্নকে পেছনে ফেলে আনচেলত্তির মূল লক্ষ্য এখন বছরের দ্বিতীয়ার্ধের ম্যাচগুলোর জন্য দল গোছানো। সেইসঙ্গে একটি শক্তিশালী নতুন প্রজন্ম তৈরি করা। সিবিএফের প্রধান কার্যালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাধারণ কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সুজা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুয়ানসহ কোচিং স্টাফ ও পারফরম্যান্স অ্যানালিস্টরা। বৈঠকে মূলত বিশ্বকাপের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, লজিস্টিকস এবং প্রীতি ম্যাচের স্কোয়াড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

২০২৭ সালের শেষভাগে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব এবং ২০২৮ সালের কোপা আমেরিকা সামনে রেখে এখন থেকেই সুদূরপ্রসারী প্রস্তুতি নিতে শুরু করেছে সেলেসাও ম্যানেজমেন্ট। বৈঠক শেষে সিবিএফের অফিসিয়াল ওয়েবসাইটে আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা একটি নতুন দল গড়ার কাজ শুরু করতে যাচ্ছি। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে, তবে বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং দলের জন্য অবদান রাখার মতো অভিজ্ঞ খেলোয়াড়দেরও আমরা পুরোপুরি বাদ দিচ্ছি না।’

আগামী সেপ্টেম্বর মাসের ২৫ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ার টাউন্সভিল এবং ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায়ের পর আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনা উঠলেও সিবিএফের আস্থা রয়েছে তার ওপরই। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থেকে দল পুনর্গঠনের গুরুদায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর