Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত: নাহিদ ইসলাম

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৬:২২

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনকে একটি দলীয় বিষয়ে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করে পুরো প্রক্রিয়াটিকে আরও অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

‎রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

‎এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থী দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া। গণতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য আমরা মনে করি, এ প্রক্রিয়াটি সর্বদা অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত।’

বিজ্ঞাপন

‎‎নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমাদের প্রাথমিক পরামর্শ ছিল জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এ প্রক্রিয়াটি সম্পন্ন করা এবং সেই আলোকে রাষ্ট্রপতি নির্বাচন করা। এতে ব্যক্তির চেয়ে প্রক্রিয়াটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠত। কিন্তু সেই প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না এনে রাষ্ট্রপতি নির্বাচনকে একটি দলীয় বিষয়ে পরিণত করা হয়েছে।’

‎এর আগে, রাষ্ট্রপতি নির্বাচনে নিয়ে ১১ দলের বৈঠকে জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।

‎জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ, এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জোটের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর