Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্ণেল অলি, জনগণের পাশে থাকার অঙ্গীকার

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৭:৫৭

রাষ্ট্রপতি পদে ১১ দলের মনোনীত প্রার্থী কর্ণেল (অব) অলি আহমদ – ছ

‎ঢাকা: জাতীয় ও জনগণের স্বার্থে কখনোই বেঈমানি করবেন না জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, ‘আমাদের জায়গা থেকে এই জাতির সঙ্গে কখনো বেঈমানি করব না, ইনশাআল্লাহ। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারব বা জিতব এটা বিষয় না, জনগণের স্বার্থ রক্ষার জন্য সবসময় পাশে দাঁড়াব।’

‎রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদ-কে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

‎জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কর্নেল অলি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও দীর্ঘদিনের পরীক্ষিত রাজনীতিবিদ হিসেবে এবং দুর্নীতির অভিযোগমুক্ত ও স্বচ্ছ জীবনের কারণে ১১ দলের নেতারা সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করেছেন।

বিজ্ঞাপন

‎‎তিনি আরও বলেন, ‘আমি ১১ দলের সকলের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা ও পরীক্ষিত লোক, যার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিধায় সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে।’

‎‎কর্নেল অলি পুনর্ব্যক্ত করেন যে, নির্বাচনে জয়-পরাজয় তাদের কাছে মুখ্য বিষয় নয়; বরং যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।

‎এ সময় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।