Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্ধারিত সময়ে আদালতে আসেননি পরীমনি, জেরা পেছাল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৬:৪৩ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৭:৫৩

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলমের বিরুদ্ধে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জেরার দিন পিছিয়েছে আদালত। আগামী ৩০ নভেম্বর তার জেরার নতুন দিন ধার্য করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরীমনির জেরা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সকালে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, পরীমনি আদালতে আসবেন। এ জন্য দুপুর ১২টার দিকে মামলাটি জেরার জন্য রাখার অনুরোধ করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে দুপুর ১২টায় জেরার সময় নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

পরে দুই দফা পরীমনিকে জেরার জন্য ডাকা হলেও তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী জানান, যানজটের কারণে সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি পরীমনি। এদিকে অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় আসামিরাও আদালত থেকে চলে যান। ফলে রোববার আর জেরা অনুষ্ঠিত হয়নি।

আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনির জেরার জন্য আগামী ৩০ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

২০২১ সালের ১৪ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে এবং আরও চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।

তদন্ত শেষে একই বছরের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। মামলার অপর দুই আসামি হলেন তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

পরে ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ অভিযোগপত্র গ্রহণ করেন। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ওই বছরের ২৯ নভেম্বর মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে ২০২৪ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে পরীমনি ইতস্ততবোধ করলে তার আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারকাজ পরিচালনার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এরপর ২২ সেপ্টেম্বর পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে যান পরীমনি। সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। পরে এ ঘটনায় মামলা করেন পরীমনি।