Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবার ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১৫:৩০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ১৭:২৮

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির সময় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতের কাছে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন।

রোববার (২৬ জুলাই) আদালতে নিজের বক্তব্যে পলক জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ। তার ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে এবং এমআরআই প্রতিবেদনে দুটি হাড় স্থানচ্যুত হওয়ার বিষয় উঠে এসেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি মাথায় হেলমেট ব্যবহার করতে পারছেন না বলেও আদালতকে অবহিত করেন।

আদালতে পলক আরও বলেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। তিনটি মামলার বিচার চলছে এবং আরও কয়েকটি মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অন্তত আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ এবং মামলা-সংক্রান্ত প্রস্তুতির জন্য প্রতি দুই সপ্তাহে দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে কারাগারে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চান। তবে আদালত এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি।

পলকের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, ‘কারাবিধি অনুযায়ী একজন আসামি ১৫ দিন পরপর পরিবারের সদস্যদের সঙ্গে আধা ঘণ্টা সাক্ষাতের সুযোগ পান। কিন্তু একাধিক মামলার কার্যক্রম চলমান থাকায় মামলার প্রস্তুতির স্বার্থে আইনজীবীদের সঙ্গে অতিরিক্ত সময় সাক্ষাতের আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি।’

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন।

এ ঘটনায় একই বছরের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর