ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই ৩ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। তবে এ সময়ে ডেঙ্গুতে আরও ৮০৫ জন আক্রান্ত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সন্ধায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৮০৫ জনের মধ্যে বরিশাল বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৯ জন, খুলনা বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ২৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৭৪৯ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২২ হাজার ১৫৯ জন।