চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাখেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটকের পর ভবিষ্যতে আর পাখি শিকার করবেন না এ মর্মে মুচলেকা নিয়ে মিনার আলীকে ছেড়ে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে টিয়াপাখি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুট্টাখেত থেকে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে টিয়াপাখিসহ মিনার আলীকে আটক করা হয়। পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার করা টিয়াপাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি। পাখি শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।