ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এদিন বিকেল সাড়ে ৪টার পর এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ নেওয়া চার সদস্য হলেন—মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ আগস্ট পিএসসির নতুন চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্তানুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া। এই দুটির মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
উল্লেখ্য, নতুন চার সদস্য যোগ দেওয়ায় বর্তমানে পিএসসিতে একজন চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা দাঁড়াল ২১ জন।