Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি হিসেবে শপথ নিতে বাধা নেই সারোয়ার আলমগীরের

স্টাফ করেসপন্ডেট
৯ জুলাই ২০২৬ ১২:০৭ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪৩

এমপি সারোয়ার আলমগীর।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২ জুলাই রুলের ওপর শুনানি শেষে আদালত রায়ের জন্য ৯ জুলাই দিন নির্ধারণ করেছিলেন।

আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে জামায়াতের প্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয়।

পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সারোয়ার আলমগীর। গত ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন এবং এ বিষয়ে রুল জারি করেন।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন নুরুল আমিন। আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরের নির্বাচনের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। ফলে তিনি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হলেও তার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পরবর্তীতে আপিলের শুনানি শেষে গত ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত, সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে, রুলের নিষ্পত্তি করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার হাইকোর্ট চূড়ান্ত রায় দিয়ে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এর ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।

 

 

সারাবাংলা/টিএম/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর